বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী তাঁদের বগুড়া সফরের অংশ হিসেবে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়া পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি, শিক্ষক কাঠামো ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বিওটি সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীনসহ সকল ডিন, বিভাগীয় প্রধান, সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাঠামো ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের নেতৃত্বে পরিচালিত পুণ্ড্র বিশ্ববিদ্যালয় এবং টিএমএসএসের সামগ্রিক কার্যক্রমের তিনি প্রশংসা ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত অবস্থান সম্পর্কে আলোচনাকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক কাঠামো ও শিক্ষকদের সক্ষমতা বিশ্ববিদ্যালয়টিকে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এ বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের মধ্যে আশাবাদ ও অনুপ্রেরণা সঞ্চার করেছে। এ ছাড়া পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ প্রাপ্তির বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।